![]() |
| ইসলাম শব্দের অর্থ কি শান্তি |
ইসলাম কী? ইসলাম শব্দের অর্থ কি শান্তি?
ইসলাম আরবি শব্দ। আরবী ভাষায়,ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা,আনুগত্য করা এবং কোনো কিছু মাথা পেতে নেওয়া।
ইসলাম শব্দের মূল ধাতু 'সালাম' এর অর্থ শান্তি এবং সন্ধি।
পারিভাষিক অর্থে একমাত্র আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা:) প্রদর্শিত জীবন পদ্ধতি অনুসরণ করা এবং এর বিপরীত সমস্ত মত ও পথ পরিহার করে চলাকেই বলা হয় ইসলাম।
আবার,আল্লাহর প্রতি আনুগত্য ও তার বাধ্যতা স্বীকার করে নেওয়া এ ধর্মের লক্ষ্য বলেই এর নাম হয়েছে 'ইসলাম'।
ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান যা প্রণয়ন করেছেন মহা বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা ও বিধানদাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া- তাআ'লা।
ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়,ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যােতিষ্ক,যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিলো ইসলামের বুকে আশ্রয় পেয়ে।
এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে স্বার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে,সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু।
আর এর উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে ইসলামের গুণরাজি সৃষ্টি করা।
আল্লাহ তাআ'লা বলেন:
১. আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম,আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করলাম।
(সূরা আল- মায়েদাহ্:০৩)
২. নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন।
(সূরা আল- ইমরান : ১৯)
৩. আর এ পথই আমার সরল পথ।কাজেই তোমরা এর অনুসরণ করো।
(সূরা আল আন'আম:১৫৩)
অর্থাৎ,
ইসলাম কেবল একটা ধর্ম নয়, একে 'The Complete code of life' বা পূর্ণাঙ্গ জীবনবিধান বলা হয়।এটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য নয়,গোটা বিশ্ববাসীর জন্য অবতীর্ণ।
ইসলাম সর্বাধিক সহজ, সরল ও কল্যাণের পথ। আর এটাই মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র সনদ!
লেখক: হুমাইরা তাসনীম
